সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে ফেসবুক পোস্ট করেছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। তাকে ফোনে আনিস জানিয়েছেন, 'আমি ডিবি অফিসে।'দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমেও আনিস আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ধানমণ্ডি এলাকার একটি জিম থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের প্রধান আমার সাথে কথা বলবেন।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে সাড়ে ৮টার কিছুক্ষণ পরে আনিস আলমগীর মোবাইলে এসব কথা বলেন। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে ধানমন্ডি থেকে আনা হয়। আটটার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে অপেক্ষায় রয়েছেন। তখন পর্যন্ত তাঁর সাথে ডিবি প্রধানের কথা হয়নি।
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।আনিস আলমগীরকে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হলো, তা জানতে ডিবির তিন কর্মকর্তাকে ফোন করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে তাঁদের কারও কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।